বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এসব আদেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অন্যান্য ইউনিটে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। পাশাপাশি ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলির আগের আদেশও বাতিল করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে কিশোরগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে একই পদে এবং লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে বদলি করা হয়েছে। পাশাপাশি পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে সিআইডিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে ঢাকার এসবিতে বদলির আগের আদেশও বাতিল করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর জারি করা ওই আদেশের পরিবর্তে ১৮ অক্টোবর নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন