১লা নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু হবে এবং আগামী বছরের ১৫ই মার্চ পর্যন্ত এ সুযোগ থাকবে। নতুন প্রজ্ঞাপনে আরও শিথিল করা হয়েছে বিধিনিষেধ।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১লা নভেম্বর থেকেই এই দ্বীপে পর্যটক যেতে এবং রাত্রীযাপন করতে পারবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ২৭ শে অক্টোবর মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়।এখন থেকে দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
নতুন সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত যাতায়াতের সুযোগ এবং দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের সীমা নির্ধারণ করা হয়েছে।
গত ১২ই অক্টোবর পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাপনার বিষয় বিবেচনায় নিয়ে পর্যটন মৌসুমের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং নৌপরিবহন অধিদপ্তর পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
কক্সবাজার বা টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ ভাড়া জনপ্রতি ৪,২00 টাকা।
এদিকে আগের প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা বহাল রাখা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট কিনতে হবে। টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে। দ্বীপে রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ এবং কেনাবেচাও নিষিদ্ধ থাকবে। এ ছাড়া সামুদ্রিক কাছিম,পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সমুদ্র সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চালানো নিষিদ্ধ। নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের সঙ্গে পানির ফ্লাস্ক রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন