🇧🇩🤝🇨🇳 আজ ৪ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (CRCC)-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নৌপরিবহন, সড়ক, সেতু ও রেলওয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ ও অর্থনৈতিক অগ্রযাত্রায় এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বৃহৎ ও মেগা অবকাঠামো প্রকল্পে একসাথে কাজ করতে বাংলাদেশ আগ্রহী। মন্ত্রী জানান,সরকার সামগ্রিক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে CRCC-কে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অংশীদারত্ব সম্প্রসারণের আহ্বান জানান তিনি। আলোচনায় মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ, প্রস্তাবিত মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল, কৌশলগত মহাসড়ক ও সেতু নির্মাণ, রেল যোগাযোগের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP)-এর আওতায় সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত কথা হয়।
উভয় পক্ষ বন্দর ও যোগাযোগ অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে নতুন সহযোগিতার ক্ষেত্র খোঁজার বিষয়ে একমত হন। CRCC চেয়ারম্যান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন