🚢
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনাদেশের সমুদ্রবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি,আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৫ নভেম্বর বাগেরহাটের মোংলা সফর করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রায় ৪,০৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে, আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে মোংলা বন্দরের অবস্থান সুদৃঢ় হবে। উল্লেখ্য, গত সপ্তাহেও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মোংলা বন্দর সফর করেন মন্ত্রী শেখ রবিউল আলম। সে সময় বন্দর উন্নয়ন কার্যক্রম ও সংশ্লিষ্ট অবকাঠামোগত প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করা হয় এবং প্রকল্প বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ধারাবাহিক এই উদ্যোগের অংশ হিসেবেই আজকের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম মোংলা বন্দরের কৌশলগত গুরুত্ব এবং বন্দর, সড়ক ও রেল যোগাযোগের সমন্বিত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বন্দরের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহনে দক্ষতা নিশ্চিত করা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়গুলো তাঁর বক্তব্যে বিশেষভাবে উঠে আসে।
এদিন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (Invest Bangladesh) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান China Railway Construction Corporation (CRCC)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে পরিবহন, লজিস্টিকস, জ্বালানি ও শিল্প অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।
মোংলা বন্দরের আধুনিকায়ন, নৌপথের নাব্যতা রক্ষা, সড়ক ও রেল যোগাযোগের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে একটি শক্তিশালী বাণিজ্যিক ও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। মোংলা বন্দরের আধুনিকায়ন, বাণিজ্যের সম্প্রসারণ-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের পথে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন