5 জন পড়েছেন
"ফেস দ্যা পিপল" এ সংবাদ প্রচারের পর অবশেষে কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের নির্মাণ কাজ শুরু হয়েছে।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ওয়াশ ব্লকের নির্মাণ কাজ শুরু করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বিশেষ করে ছাত্রী এবং বর্ষা মৌসুমে সমস্যা আরও প্রকট হয়ে উঠতো।
ওয়াশ ব্লকের কাজ শুরু না হওয়ায় বিষয়টি নিয়ে "ফেস দ্যা পিপল" এ প্রতিবেদন প্রচারিত হলে কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।
ওয়াশ ব্লকের কাজ শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খুশির আমেজ দেখা গেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল হক বলেন, "এই ওয়াশ ব্লকের কাজটি দ্রুত শেষ করে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করা হবে। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবই আমাদের প্রধান লক্ষ্য।"
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা বাণী চক্রবর্তী বলেন, "গণমাধ্যমে নিউজ আসার পরপরই কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছেন। স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক না থাকায় শিক্ষার্থীদের অনেক সমস্যা হতো। কাজ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত।"
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, "এলাকাবাসী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। নিউজ প্রচারের পর দ্রুত কাজ শুরু হওয়ায় আমরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।"
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, আধুনিক সুবিধা সম্বলিত এই ওয়াশ ব্লকে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, হাত ধোয়ার বেসিন ও নিরাপদ পানির ব্যবস্থা থাকবে।