বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২০ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর থেকে সরকারি সফর শুরু করবেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এসব ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের আশা করছে বাংলাদেশ। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পররাষ্ট্র সচিব জানান, সফরে জাপানি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, চলমান উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ গুরুত্ব পাবে। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই নেতার আলোচনা হতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন