গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। এ সময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সংস্কৃতি হাজার বছরের। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা তা হয়তো যথাযথভাবে তুলে ধরতে পারছি না। প্রযুক্তির কল্যাণে আমরা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছি, নতুন নতুন বিষয় সম্পর্কে পরিচিত হচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে নিজেদের সংস্কৃতি ভুলে যাব। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।”
কর্মকর্তাদের প্রত্যেকেরই কোনো না কোনো যোগ্যতা রয়েছে উল্লেখ করে তাদের নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা যদি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিই, তাহলে আমরা সবাই মিলে যে ধরনের দেশ দেখতে চাই, অন্তত তার কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারব। দেশের জন্য কিছু করার সুযোগ আমাদের রয়েছে। আমরা যেন সেই সুযোগ কাজে লাগাই।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন