নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম–রানং বন্দরের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সামুদ্রিক যোগাযোগ সম্প্রসারণ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস থিতিপর্ন চিরাসাওয়াদি (Mrs. Thitiporn Chirasawadi) আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বন্দর ও থাইল্যান্ডের রানং বন্দরের (Ranong Port) মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ধরনের যোগাযোগ চালু হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক সংযোগ বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি, নৌপরিবহন খাতের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে সামুদ্রিক যোগাযোগের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বন্দর উন্নয়ন, সামুদ্রিক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নৌপরিবহন সচিব জাকারিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন